ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে ৩ মাসব্যাপী দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
বিশেষ প্রতিনিধি | ঢাকা
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
আজ সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বাড়াতে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানের আওতায় সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে বাসাবাড়ি, সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন রাখার কার্যক্রম জোরদার করা হবে।