মস্তিষ্কে রক্তক্ষরণের পর লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেন এবং যুক্তরাজ্যের বিবিসিতেও উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই তার দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ছিল।
তার মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।