ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজার ৫০০ টাকায়
আলোক বার্তা। ভোলা
ভোলার মেঘনা নদীতে জেলে সুলতান সরদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বড় আকারের ব্ল্যাককার্প। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাছটি সদর উপজেলার তালতলী (ইলিশা) মাছঘাটে আনা হলে তা দেখতে স্থানীয় মানুষ ও লঞ্চঘাটের যাত্রীদের ভিড় জমে যায়। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মাছঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জোয়ারের সময় মেঘনা নদীতে জাল ফেলেন সদর উপজেলার জেলে সুলতান সরদার। জাল তোলার সময় বড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলীর ফকির দালালের আড়তে নেওয়া হয়। সেখানে আড়তদার ও স্থানীয় ক্রেতাদের দর-কষাকষির পর মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। পরে ১৮ জন মিলে মাছটি ভাগ করে নেন।
বড় মাছটি ধরা পড়ার পর নৌকায় থাকা জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, এত বড় আকৃতির ব্ল্যাককার্প তাঁরা আগে খুব একটা দেখেননি।
আড়তদার লোকমান বলেন, কয়েক দিন ধরে নদীতে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে ইলিশের দামও কিছুটা কমেছে। ইলিশের সরবরাহ কম থাকলে ব্ল্যাককার্পটির দাম আরও বেশি হতে পারত।
তবে বড় মাছটি পাওয়ার আনন্দের পাশাপাশি সুলতান সরদারের পরিবারের কঠিন জীবনযাপনের চিত্রও উঠে এসেছে। সুলতানের স্ত্রী মরণজান বিবি জানান, তাঁদের পরিবার নৌকাতেই বসবাস করে। পরিবারের সদস্যদের দীর্ঘদিনের অসুস্থতার কারণে টানা দুই দিন নদীতে মাছ ধরতে যেতে পারেননি তাঁরা। শুক্রবার ভোরে আবার নদীতে নামেন।
মরণজান বিবি বলেন, সুতার জালে ২৪ কেজির মাছটি ধরা পড়ে। এ ছাড়া তাঁরা মাত্র দুটি জাটকা ও একটি বেলকা ইলিশ পেয়েছেন। মাছ ধরতে গিয়ে প্রায় ২০ লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। বড় মাছটি পাওয়ায় অন্তত কিছুটা খরচ মেটানোর আশা করছেন তাঁরা।
তিনি বলেন, “আমরা গরিব মানুষ। খুব কষ্টে দিন কাটাই। আমাদের কাছে এলে বুঝতে পারবেন, আমরা কীভাবে থাকি, কীভাবে জীবন চালাই।”
মাছটি কত টাকায় বিক্রি হয়েছে, তা তিনি জানেন না বলে জানান মরণজান বিবি। মাছ বিক্রির সময় তিনি নৌকাতেই ছিলেন।
এ বিষয়ে ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, ছবিটি দেখে মাছটিকে ব্ল্যাককার্প বলেই মনে হচ্ছে। এটি বাংলাদেশের দেশীয় মাছ নয়। পূর্ব এশিয়া, বিশেষ করে চীন অঞ্চলের স্বাদুপানির কার্পজাতীয় এই মাছের প্রধান খাদ্য শামুক ও ঝিনুক। বাংলাদেশে সীমিত পরিসরে পুকুরে এ মাছের চাষ করা হয়।
তিনি বলেন, নদীতে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাককার্প দ্রুত বড় হতে পারে। এ ধরনের মাছ ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। তবে পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাককার্প বেশি দেখা যায়।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, বর্ষা বা বন্যার সময় চাষের পুকুর থেকে এ ধরনের মাছ নদীতে চলে যেতে পারে। সেখানে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারলে এটি বড় আকার ধারণ করতে পারে। ভোলার মেঘনায় ধরা পড়া ২৪ কেজির মাছটিও এভাবে নদীতে আসা মাছ হতে পারে।
একটি বড় মাছ জেলের জালে ধরা পড়লেও সুলতান সরদারের পরিবারের জীবনযাত্রায় অনিশ্চয়তা কাটেনি। নদীতে মাছ কম পাওয়া, জ্বালানি ও চিকিৎসার খরচ এবং নৌকায় বসবাস—সব মিলিয়ে প্রতিদিনই সংগ্রাম করে দিন কাটছে পরিবারটির।