বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. জাহাঙ্গীর (২২), মো. মেহেদি হাসান (২২), মো. নূরে আলম (১৮), মো. নূর আলম (১৮), আব্দুল বাসেত (৪৫), মো. নূমান (১৮) ও মো. জসিম হাওলাদার (৪৫)। তাঁদের মধ্যে মেহেদি হাসানের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। অন্যদের বাড়ি ভোলার বিভিন্ন উপজেলায়।
পরে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত সাতজনকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জরিমানা আদায় ও মুচলেকা নেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, নদীর তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।