ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন, নতুন কর্মসংস্থানের আশার আলো
ভোলা প্রতিনিধি:
ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবকদের সম্পৃক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরি ও যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।