কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। একটি প্রতিবেদনে মরদেহে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে সে ওই স্থানে পৌঁছেছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।