নিজস্ব প্রতিবেদক | আলোক বার্তা
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই কিংবদন্তি ব্যক্তিত্ব। আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন অসংখ্য পাঠক, ভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ।
বাংলা সাহিত্যে সহজ-সরল ভাষা, স্বতন্ত্র গল্প বলার ধরন এবং অসাধারণ চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি তৈরি করেছিলেন এক অনন্য পাঠকসমাজ। তাঁর লেখায় উঠে এসেছে মধ্যবিত্ত জীবনের হাসি-কান্না, প্রেম, বিরহ, পারিবারিক সম্পর্ক, মানবিক অনুভূতি এবং জীবনের নানা বাস্তবতা।
সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেয়াল’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস রচনা করেন তিনি।
তাঁর সৃষ্ট কালজয়ী চরিত্র হিমু, মিসির আলী ও শুভ্র আজও পাঠকের কল্পনার জগতে জীবন্ত। বিশেষ করে হিমুর হলুদ পাঞ্জাবি, মিসির আলীর যুক্তিনির্ভর চিন্তা এবং শুভ্রর সরলতা বাংলা সাহিত্যে আলাদা পরিচিতি তৈরি করেছে।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অসামান্য অবদান। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’ নাটকগুলো তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। তাঁর নির্মিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রও দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।
জন্মদিন ঘিরে
জন্মদিন ঘিরে নুহাশ পল্লীতে আয়োজন
জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্যদিকে ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী হুমায়ূন আহমেদ বইমেলার আয়োজন করা হয়েছে। নেত্রকোনায়ও তাঁকে ঘিরে হিমু উৎসবসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
প্রয়াণের পরও অমলিন জনপ্রিয়তা
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। নতুন প্রজন্মের পাঠকরাও প্রতিনিয়ত আবিষ্কার করছেন তাঁর সাহিত্যকর্ম। বইয়ের পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা চলচ্চিত্রের গল্পে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বাংলা সাহিত্যের এই নন্দিত কথাসাহিত্যিকের ৭৮তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছেন অগণিত পাঠক ও ভক্ত। সময়ের পরিক্রমায় মানুষ চলে গেলেও তাঁর সৃষ্টি যে বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে, হুমায়ূন আহমেদ তারই এক উজ্জ্বল উদাহরণ।